Loading...

নৈঋত কোণে

রুনা চট্টোপাধ্যায়

এক

লোপানের ধার ঘেঁষে দাঁড়িয়ে রাশিয়ান সেনার রেসকিউ কারের অপেক্ষায় ছিল এলেক্সি। ভাবছিলো অসুস্থ সাসার কথা। মেপলের পাতাগুলো নদীতে নৌকোর মত দুলতে দুলতে যাচ্ছিলো।সেগুলো দেখতে গিয়েই দেখলো, একটি যুবক ওক গাছের গুঁড়িতে নিজেকে লুকোচ্ছে। এখন ইউক্রেনের সেনারা কাছেপিঠে নেই। তাদের ঝলসানো লাশ পড়ে আছে। এলেক্সি এগিয়ে গেলো। ছেলেটা পালাতে পারেনি । 'রাশিয়ানদের চোখে ফাঁকি দেবে?' এলেক্সির হাত কোমরের বেল্টে। মারণাস্ত্র ঝকঝক করছে বসন্তআলোয়। ছেলেটা আত্মসমর্পণের ভঙ্গিতে আর্তনাদ করে ওঠে , 'আমি ভারতীয়। সৌনক নাম আমার।' মারণাস্ত্র থেকে হাত সরিয়ে তার কাঁধে রাখে আলেক্সি। ভারতের ওপর তার নাড়ির টান। বাবার সঙ্গে বিচ্ছেদের পর তার মা একজন ভারতীয়কে বিয়ে করেছিল। কবেই ভারতবর্ষ তার মা হয়ে গেছে । 
 

 

দুই

রেসকিউ কার এসে গেছে।এলেক্সি উঠে বসে সৌনকের হাত ধরে টেনে নেয়। ' এসো ভাই, নিরাপদে দেশে পৌঁছবে তুমি।' সৌনক হাত ছাড়িয়ে দৌড়ে যায়। আলেক্সি রেসকিউ কার থেকে নেমে দাঁড়ায় । দ্যাখে সৌনক পাগলের মত কাকে খুঁজছে ।একটু দূরে গিয়েই খুঁজে পেয়ে যায় ক্রিস্টিয়ানাকে । তাকে কোলে তুলে নিয়ে নেমে যায় লোপানের জলে। রক্ত ঝরছে মেয়েটার কপাল থেকে।  সৌনক ধুয়ে দিচ্ছে ক্ষতস্থান গুলো। এলেক্সি এসে দাঁড়ায়। রাশিয়ান সেনা অফিসার। ভয়ে চিৎকার করে ওঠে ক্রিস্টিয়ানা। সৌনক ক্লান্ত গলায় বলে 'আমি কিন্তু ভারতীয়।' এলেক্সি দু'জনকেই রেসকিউ কারে তুলে নেয়। সাসার জন্য খুব চিন্তা হচ্ছে। পাশে তাকিয়ে দেখে আহত ক্রিস্টিয়ানা সৌনকের কাঁধে ঘুমোচ্ছে। 'বিয়ে করবে তোমরা?'  এলেক্সি হঠাৎ জিজ্ঞাসা করে। সৌনক অসহায় চোখে তাকায় শুধু। 'আমাকে ডাকবে তো?' এলেক্সির গলায় কি বিষাদ! আশ্চর্য হয় সৌনক। এলেক্সির বন্ধ চোখের ওপাশে জল চিকচিক করে। তার বদমেজাজি বাবার কাছে মুক্তি চেয়েছিলো মা। চোখের ভেতর গ্লোবটা বনবন করে ঘুরছে। 'মস্কো থেকে দিল্লি কত দূরের পথ সৌনক?' প্রশ্ন করতে যাবে , পাশে তাকিয়ে দেখে সৌনক গভীর করে চুমু দিচ্ছে ক্রিস্টিয়ানার ঠোঁটে। সাসার আর ইরিনার জন্য মনকেমন করে। 

 

তিন

 রাতে ইরিনা ফোনে জানায় সাসা ভালো আছে। ভারতবর্ষ থেকে একটি চিঠিতে এলেক্সির উদ্বিগ্ন মা নিজের ফোন নম্বর জানিয়ে ফোন করতে লিখেছেন।
পঁচিশ বছর পর! নম্বরটা পাঠিয়ে দিয়েছে ইরিনা। সংখ্যাগুলো দেখতে দেখতে পাশে চোখ যায়। ক্যাম্পের চেয়ারে বসে নৈঋত কোণ বরাবর আকাশের দিকে তাকিয়ে আছে সৌনক। ভারতবর্ষ কি ওইদিকে?


Liked our work ?